জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ফারাক্কা বাংলাদেশের সবচেয়ে বড় মরণফাঁদ। তবে তার মতে, রাষ্ট্রের নেতৃত্ব যখন শিক্ষা, কর্মসংস্থান ও প্রকৃত সংস্কারের গুরুত্ব অনুধাবন করতে ব্যর্থ হয়, তখন সেটাই আরও বড় মরণফাঁদ হয়ে দাঁড়ায়। তিনি বলেন, এ কারণে একটি পুরো প্রজন্ম প্রতিশ্রুতির মোড়কে প্রতারণার শিকার হয়।
বুধবার (১৫ জুলাই) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এসব মন্তব্য করেন। পাটওয়ারী উল্লেখ করেন, স্বাধীন বাংলাদেশের রাষ্ট্রীয় শিক্ষাব্যবস্থা নিয়ে আজও কোনো সুস্পষ্ট জাতীয় সিদ্ধান্তে উপনীত হওয়া যায়নি। তিনি বলেন, বিজ্ঞান, কলা ও ব্যবসায় শিক্ষা নামে যে কাঠামোর মধ্যে শিক্ষিত করা হচ্ছে, তা দক্ষ জনশক্তি গড়ে তোলার পরিবর্তে একটি বৃহৎ শিক্ষিত বেকার জনগোষ্ঠী তৈরি করতে বেশি সফল হয়েছে।
তিনি আরও বলেন, যে রাষ্ট্রের অর্থনৈতিক ভিত্তি গার্মেন্টস শিল্প এবং অদক্ষ বিদেশগামী শ্রমশক্তির ওপর নির্ভরশীল, সেখানে নতুন শিক্ষিত জনগোষ্ঠীর জন্য কর্মসংস্থানের পথ তৈরি না করে বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দেওয়াকে শিক্ষা সংস্কার হিসেবে উপস্থাপন করা হচ্ছে।
পাটওয়ারী রাষ্ট্র পরিচালনায় দূরদর্শিতার অভাব এবং দলীয় সংকীর্ণ রাজনৈতিক মানসিকতার জন্য এই ব্যর্থতাকে দায়ী করেন। তিনি বলেন, মুখে কোটি মানুষের কর্মসংস্থান ও রাষ্ট্র সংস্কারের প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবে জনগণকে গভীর অনিশ্চয়তা ও প্রতারণার ফাঁদে ঠেলে দেওয়া হয়েছে।
এনসিপি নেতা তরুণ প্রজন্মের উদ্দেশে বলেন, তাদের সাহস, আত্মত্যাগ ও প্রতিবাদকে তিনি সম্মান জানাচ্ছেন। তিনি আশা প্রকাশ করেন, তরুণদের হাত ধরেই গড়ে উঠবে একটি ন্যায়ভিত্তিক, দক্ষতা-নির্ভর ও মানবিক বাংলাদেশ।
অনলাইন ডেক্স 
























