নারায়ণগঞ্জের আদমজী ইপিজেডে বুধবার (১৫ জুলাই) ভোর চারটায় অনন্ত অ্যাপারেলসের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।
দুর্যোগের সময় ইপিজেডে দায়িত্বরত আনসার সদস্যরা প্রথমে ঘটনাস্থলে পৌঁছান। ক্যাম্প ইনচার্জ পিসি মো. শাহিন সরকারের নেতৃত্বে ১৪-১৫ জনের একটি দল আগুন নেভানোর চেষ্টা শুরু করেন।
পরে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে যোগ দেয় এবং আনসার সদস্যরা ফায়ার সার্ভিসের কর্মীদের সাথে যৌথভাবে দীর্ঘ সময় ধরে আগুন নিয়ন্ত্রণের কাজ চালিয়ে যান। সকাল ১১টার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।
আনসার বাহিনীর দ্রুত পদক্ষেপের কারণে আরও ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছে ইপিজেড। তাদের তৎপরতা ও পেশাদারিত্বের জন্য বেপজা ও ইপিজেড কর্তৃপক্ষ আনসার সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।
এই অগ্নিকাণ্ড আবারও প্রমাণ করেছে যে সংকটে আনসার বাহিনীর সদস্যরা দেশের সম্পদ রক্ষায় সার্বক্ষণিক তৎপর রয়েছেন।
অনলাইন ডেক্স 






















