ময়মনসিংহে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগসহ চার দফা দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন এইচএসসি পরীক্ষার্থীরা। মঙ্গলবার (১৪ জুলাই) দুপুর ১২টার দিকে নগরের টাউন হল মোড় এলাকায় তারা সড়ক অবরোধ করেন, ফলে ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
‘এইচএসসি শিক্ষার্থী’ ব্যানারে নগরের বিভিন্ন কলেজের পরীক্ষার্থীরা টাউন হল এলাকায় জড়ো হয়ে সড়কে ব্যারিকেড দেন। তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে—স্বাভাবিক আবহাওয়া ও অনুকূল পরিবেশে এইচএসসি পরীক্ষা আয়োজন, প্রশ্নপত্রের অযৌক্তিক মানদণ্ড পরিহার, যৌক্তিক কারণে কেউ পরীক্ষায় অনুপস্থিত থাকলে দ্রুত পুনঃপরীক্ষার ব্যবস্থা এবং শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে অভিযোগের জবাবদিহি নিশ্চিত করা।
শিক্ষার্থীরা জানান, চট্টগ্রাম শিক্ষা বোর্ড এলাকায় বন্যা ও ভারী বৃষ্টির কারণে অনেক পরীক্ষার্থী দুর্ভোগে পড়েছেন। তারা দাবি করেন, এমন পরিস্থিতিতে পরীক্ষা স্থগিত করা উচিত ছিল। আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থী সুমাইয়া আক্তার বলেন, দেশের বিরূপ আবহাওয়ার কারণে চলমান পরীক্ষা স্থগিত করা প্রয়োজন।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে সড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ জানায়। তবে দুপুর সোয়া ১টা পর্যন্ত তারা সড়কে অবস্থান করে বিক্ষোভ চালিয়ে যান। ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আসাদুজ্জামান শাকিল জানান, শিক্ষার্থীদের অবস্থানের কারণে যান চলাচলে সমস্যা হচ্ছে, তবে পরিস্থিতি শান্তিপূর্ণভাবে সমাধানের চেষ্টা চলছে।
অনলাইন ডেক্স 























