জাতীয় পার্টির কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সংসদ সদস্য মো. আশরাফুজ্জামান আশু বলেছেন, পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের সম্পূর্ণ অবদান বাংলাদেশের রাষ্ট্রধর্ম ইসলাম হওয়ার জন্য। তিনি উপজেলা ব্যবস্থা চালুর মাধ্যমে প্রশাসনকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিয়েছিলেন।
মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে সাতক্ষীরা শহরের কাটিয়া মাস্টারপাড়ায় জেলা জাতীয় পার্টির অস্থায়ী কার্যালয়ে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সাবেক রাষ্ট্রপতি ও পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় আশু আরও বলেন, একসময় সাতক্ষীরাকে জাতীয় পার্টির দ্বিতীয় রংপুর বলা হতো। সেই ঐতিহ্য ফিরিয়ে আনতে ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে। জনগণের পাশে থেকে জাতীয় পার্টিকে পুনর্গঠনের মাধ্যমে আগামীর রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।
সভায় আরও বক্তব্য দেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ক্রীড়া সম্পাদক মো. মশিউর রহমান বাবু, কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাড. আলিফ হোসেন, জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক আকরাম হোসেন খান বাপ্পি, সদর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান বিপুলসহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের শেষে পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন হাফেজ কারী শেখ ফিরোজ আহম্মেদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা তরুণ পার্টির আহ্বায়ক আবু ইয়াছিন।
অনলাইন ডেক্স 























