শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় একটি মসজিদের পরিচালনা কমিটি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে আবু সালেহ আহমেদ (৬০) নামে স্থানীয় বিএনপির এক নেতা নিহত হয়েছেন। শুক্রবার (৬ নভেম্বর) জুমার নামাজের আগে উপজেলার নলকুড়া ইউনিয়নের ভারুয়া কেন্দ্রীয় জামে মসজিদে এ ঘটনা ঘটে।
নিহত আবু সালেহ আহমেদ ভারুয়া গ্রামের বাসিন্দা এবং নলকুড়া ইউনিয়ন বিএনপির সদস্য ছিলেন। তিনি ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদকও ছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় তিন সপ্তাহ আগে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত হন সালেহ আহমেদ। এ নিয়ে একটি পক্ষের আপত্তি ছিল।
শুক্রবার জুমার নামাজ শুরুর আগে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় সালেহ আহমেদ মাথায় আঘাত পান এবং মাটিতে লুটিয়ে পড়েন। পরে উপস্থিত মুসল্লিরা তাকে উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নলকুড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আজহারুল ইসলাম সুজা দাবি করেন, নামাজের আগে আলোচনা না করে নামাজ শেষে বিষয়টি মীমাংসার আহ্বান জানিয়েছিলেন সালেহ আহমেদ। তবে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তার ওপর হামলা চালানো হয়। তিনি ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নুর মোহাম্মদ জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে এবং অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
অনলাইন ডেক্স 
























