ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাসেবা নিতে এসে রোগীরা নানা অনিয়ম ও দালাল চক্রের শিকার হচ্ছেন। বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে হাসপাতাল পরিদর্শনে গিয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান বিচারপতি এ কে এম আসাদুজ্জামান এক রোগীর স্বজনের অভিযোগ শোনেন, যিনি ১৫ হাজার টাকা দিয়ে দালালের হাতে প্রতারিত হয়েছেন।
দুদক চেয়ারম্যান হাসপাতালের জরাজীর্ণ পরিবেশ ও চিকিৎসাসেবার অব্যবস্থাপনা দেখে ক্ষোভ প্রকাশ করেন। তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ও বহির্বিভাগ ঘুরে দেখেন এবং রোগীদের অভিযোগ শোনেন। এ সময় দুদকের কমিশনার ড. জাহাঙ্গীর আলম খান, কমিশনার ড. মো. সাজ্জাদ হোসেন ভূঁইয়া এবং সচিব মো. সাইদুর রহমান খান উপস্থিত ছিলেন।
রোগীরা অভিযোগ করেন, হাসপাতাল চত্বরে সক্রিয় দালাল চক্র অসহায় রোগীদের জিম্মি করে অর্থ আদায় করছে। এক রোগীর স্বজন কান্নায় ভেঙে পড়ে বলেন, ‘এখানে ভালো চিকিৎসার জন্য অন্য হাসপাতালে নিয়ে যাওয়ার কথা বলে এক দালাল আমার কাছ থেকে ১৫ হাজার টাকা নিয়েছে।’
দুদক চেয়ারম্যান হাসপাতাল কর্তৃপক্ষকে সেবার মান দ্রুত বাড়ানোর নির্দেশ দেন এবং অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার তাগিদ দেন। তিনি বলেন, ‘হাসপাতালে কোনো রকম ব্যবস্থা নেই। রোগীরা অনেক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন।’
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম ফরহাদ হোসেন জানান, বর্তমানে রোগীরা অর্ধেকের বেশি ওষুধ পাচ্ছেন এবং চিকিৎসাসেবার মান কিছুটা উন্নত হয়েছে। তিনি আশা প্রকাশ করেন যে, অচিরেই পরিস্থিতির আরও উন্নতি হবে।
অনলাইন ডেক্স 























