মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুতিওন ইসমাইল জানিয়েছেন, ইসলামি বক্তা ডা. জাকির নায়েককে ভারতের কাছে প্রত্যর্পণ করা হবে না। তিনি স্পষ্ট করে বলেন, দিল্লির হাতে তাকে তুলে দেওয়ার কোনো প্রতিশ্রুতি দেওয়া হয়নি।
নিউ স্ট্রেইটস টাইমসের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ২০১০ সালের প্রত্যর্পণ চুক্তির ৬ নম্বর অনুচ্ছেদ এবং ১৯৯২ সালের প্রত্যর্পণ আইন বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে লিখিত জবাবে বলেন, মালয়েশিয়া সরকারের সিদ্ধান্ত হলো জাকির নায়েককে প্রত্যর্পণ না করা।
পার্লামেন্ট সদস্য দাতুক ড. আহমাদ মারজুক শারির প্রশ্নের জবাবে তিনি জানান, ভারতের সর্বশেষ আনুষ্ঠানিক আবেদন কবে এসেছে এবং তাদের দেওয়া তথ্য-প্রমাণ মালয়েশিয়ার আইন ও দ্বিপাক্ষিক চুক্তির শর্ত পূরণ করে কি না, সে বিষয়েও তিনি স্পষ্ট করেছেন।
ভারত প্রথমবার ২০১৮ সালের ১৯ জানুয়ারি জাকির নায়েককে প্রত্যর্পণের অনুরোধ জানায়। এরপর ২০২০ সালের ২৯ মে কূটনৈতিক নোট পাঠিয়ে আগের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানায়।
গত সেপ্টেম্বরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের বৈঠকে এই বিষয়টি আলোচনায় আসে। বিরোধী দলের নেতারা বৈঠকে আলোচনা ও সমঝোতার বিষয়ে ব্যাখ্যা দাবি করেছেন।
ভারত জাকির নায়েককে অর্থপাচার ও বিদ্বেষমূলক বক্তব্যের অভিযোগে ফেরত চায়, তবে মালয়েশিয়ার আইনি প্রক্রিয়ার সঙ্গে ভারতের অবস্থানের মধ্যে পার্থক্য রয়েছে বলে মনে করা হচ্ছে।
অনলাইন ডেক্স 























