যুক্তরাষ্ট্রের আইডাহো অঙ্গরাজ্যের বাসিন্দা ডেভিড রাশ হাতের স্পর্শ ছাড়া কেবল মুখ ব্যবহার করে এক পাত্র থেকে অন্য পাত্রে বরফের কিউব স্থানান্তর করে নতুন বিশ্ব রেকর্ড গড়েছেন। তিনি একই সঙ্গে সবচেয়ে বেশি গিনেস রেকর্ড নিজের দখলে রাখার কৃতিত্বও অর্জন করেছেন।
ডেভিড জানান, এর আগে মুখ দিয়ে বিভিন্ন রেকর্ড গড়ার অভিজ্ঞতা থাকায় তিনি ৩০ সেকেন্ডে মুখ দিয়ে সবচেয়ে বেশি বরফ স্থানান্তরের কাজটি সহজ মনে করেছিলেন। এর আগে তিনি মুখ দিয়ে মার্সম্যালো ক্যাচ করা এবং পিংপং বল ছোঁড়ার মতো রেকর্ডও গড়েছেন।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের নিয়ম অনুযায়ী, প্রতিটি বরফের টুকরোর ওজন সর্বোচ্চ ২৫ গ্রাম (০.৮৮ আউন্স) হতে হবে। ডেভিড পানি পরিমাপের বিষয়টি খুব সতর্কতার সঙ্গে নিশ্চিত করেন যাতে প্রতিটি বরফ নির্দিষ্ট ওজনের মধ্যে থাকে।
বরফের সঠিক তাপমাত্রা ধরে রাখা ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ। অতিরিক্ত ঠান্ডা হলে বরফ ঠোঁটে আটকে যাওয়ার ঝুঁকি ছিল, আবার কম ঠান্ডা হলে বরফ গলে গিয়ে ওজনে তারতম্য হতে পারত।
গত ১২ জুন ডেভিড তার আনুষ্ঠানিক প্রচেষ্টায় দুই ট্রে-র মধ্যে মোট ৯৯১ গ্রাম (৩৪.৯ আউন্স) বরফ স্থানান্তরিত করেন। নির্ধারিত লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গিয়ে তিনি সফলভাবে এই নতুন বিশ্ব রেকর্ড নিজের নামে করেন।
অনলাইন ডেক্স 















