গাজীপুরের টঙ্গীতে এক শিশু শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে অভিযুক্ত মাদ্রাসাশিক্ষক মো. মোসলেহ উদ্দিনের জামিন আবেদন নামঞ্জুর করে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
মোসলেহ উদ্দিন টঙ্গীর মধ্য আউচপাড়া এলাকার ‘ক্বারীউল কুরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসা’র উপাধ্যক্ষ হিসেবে কর্মরত আছেন। অভিযোগ রয়েছে, ২০ অক্টোবর তিনি প্রথম শ্রেণির এক শিশু শিক্ষার্থীকে নিজ কক্ষে যৌন হয়রানি করেন এবং বিষয়টি কাউকে না জানাতে শিশুটিকে ভয়ভীতি দেখান।
শিশুটির অভিভাবক শাহজালাল রুমি ঘটনার পর অভিযুক্ত শিক্ষককে চড় মারেন, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এ ঘটনার পর স্থানীয় জনতা মাদ্রাসায় জড়ো হয়ে অভিযুক্ত শিক্ষককে অবরুদ্ধ করে মারধর করেন।
পুলিশের উপস্থিতিতে অভিযুক্ত শিক্ষককে উদ্ধার করে হেফাজতে নেওয়া হয়। শিশুর বাবা নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। ২২ অক্টোবর আদালতে হাজির করার পর মোসলেহ উদ্দিনের জামিন আবেদন নামঞ্জুর করা হয়।
পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে শিশু নির্যাতনের সত্যতা পাওয়া গেছে এবং ভুক্তভোগী শিশুটির জবানবন্দি রেকর্ড করা হয়েছে। মাদ্রাসা কর্তৃপক্ষের পক্ষ থেকেও শিক্ষকের ওপর হামলা ও ভাঙচুরের অভিযোগে পাল্টা মামলা দায়ের করা হয়েছে।
অনলাইন ডেক্স 

























