খুলনার খানজাহান আলী থানার মীরেরডাঙ্গায় অ্যাজাক্স জুট মিলে চোর সন্দেহে সম্রাট ঢালী (২৮) নামে এক যুবককে মারধরের অভিযোগ উঠেছে নিরাপত্তাকর্মীদের বিরুদ্ধে। শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ৯টার দিকে সম্রাটসহ তিনজন মিলের ভেতরে প্রবেশ করেন। এ সময় নিরাপত্তাকর্মীরা সম্রাটকে আটক করেন, অন্য দুজন পালিয়ে যান।
স্থানীয় সূত্রে জানা যায়, আটক হওয়ার পর সম্রাটকে মারধর করা হয়। নিহত সম্রাট অবিবাহিত ছিলেন এবং তিনি মীরেরডাঙ্গা এলাকার ফুলবাড়ীর মজিবর ঢালীর ছেলে। তিনি মুরগির বাজারে কাজ করতেন এবং তার মা মারা যাওয়ার পর মানসিক সমস্যায় ভুগছিলেন বলে জানা গেছে।
নিহতের স্বজনদের অভিযোগ, নিরাপত্তাকর্মীদের মারধরের একপর্যায়ে সম্রাট তিনতলা থেকে পড়ে আহত হন। পরে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
সম্রাটের ভাই সুজন ঢালী অভিযোগ করেন, নিরাপত্তাকর্মীরা তার ভাইকে পিটিয়ে হত্যা করেছেন এবং ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিচার দাবি করেন। তিনি জানান, সম্রাটের শরীরে ওপর থেকে পড়ে যাওয়ার মতো কোনো দৃশ্যমান আঘাতের চিহ্ন ছিল না।
খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার বলেন, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সম্রাটকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তার মৃত্যু হয়। নিহত সম্রাটের বিরুদ্ধে থানায় চুরির একটি মামলা ও অন্য ধারায় আরো একটি মামলা রয়েছে।
অনলাইন ডেক্স 























