সরকার বৈদ্যুতিক স্থাপনা ও সরঞ্জামাদি পরিদর্শন, পরীক্ষা-নিরীক্ষা এবং অনুমোদন নবায়নের ফি নির্ধারণ করে বিদ্যুৎ বিধিমালা, ২০২০ সংশোধন করেছে। নতুন প্রজ্ঞাপনটি গত ১৫ অক্টোবর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগ থেকে জারি করা হয় এবং ১৭ অক্টোবর বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশিত হয়।
নতুন নিয়ম অনুযায়ী, ৫০ কিলোওয়াট বা তদূর্ধ্ব ক্ষমতাসম্পন্ন গ্রাহকের বৈদ্যুতিক স্থাপনা পরিদর্শন ও পরীক্ষার ফি ২০ হাজার টাকা থেকে শুরু করে ৩০ লাখ টাকা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। ১০০ কেভিএ ক্ষমতার উপকেন্দ্রের জন্য পরিদর্শন ফি ২০ হাজার টাকা এবং নবায়ন ফি ১০ হাজার টাকা।
এছাড়া, ৫০০ কেভিএ উপকেন্দ্রের পরিদর্শন ফি ৪০ হাজার টাকা এবং নবায়ন ফি ২০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। উচ্চ ক্ষমতাসম্পন্ন উপকেন্দ্রের জন্য ফি আরও বেশি, যেমন ৫০ এমভিএ উপকেন্দ্রের পরিদর্শন ফি চার লাখ টাকা এবং নবায়ন ফি দুই লাখ টাকা।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, বৈদ্যুতিক উপকেন্দ্রের সরঞ্জাম প্রস্তুতকারী প্রতিষ্ঠানের অনুমোদনের জন্য ১১ হাজার ভোল্ট পর্যন্ত সরঞ্জামের জন্য পরিদর্শন ফি ৫০ হাজার টাকা এবং নবায়ন ফি ২৫ হাজার টাকা। এছাড়া, লিফট পরিদর্শন ও পরীক্ষার জন্য নির্ধারিত ফি ৬ হাজার টাকা এবং নবায়ন ফি ৩ হাজার টাকা।
নতুন ফি নির্ধারণের ফলে বিদ্যুৎ বিভাগের ২০১৪ সালের ২১ মে জারি করা পূর্ববর্তী আদেশটি রহিত করা হয়েছে। নির্ধারিত ফি কর-বহির্ভূত রাজস্ব হিসেবে সরকারের নির্ধারিত কোডে জমা দিতে হবে।
অনলাইন ডেক্স 























