ঢাকা থেকে কক্সবাজার রুটে আন্তঃনগর ট্রেন মহানগর এক্সপ্রেস চলাচল শুরু করতে যাচ্ছে। আগামী সোমবার (২৬ অক্টোবর) থেকে নতুন রুটে যাত্রী পরিবহন করবে ট্রেনটি। এই নতুন সময়সূচির মাধ্যমে ঢাকা-চট্টগ্রাম রুটের মধ্যবর্তী বিভিন্ন স্টেশনের যাত্রীরা সরাসরি কক্সবাজার যাতায়াতের সুযোগ পাবেন।
চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের ম্যানেজার আবু বকর সিদ্দিক শুক্রবার (২৩ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন। সোমবার রাত সাড়ে ৮টায় ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে মহানগর এক্সপ্রেসের প্রথম যাত্রার উদ্বোধন করবেন রেলমন্ত্রী শেখ রবিউল আলম। ট্রেনটি রাত ৩টায় চট্টগ্রাম পৌঁছানোর কথা রয়েছে এবং এরপর রাত ৩টা ২০ মিনিটে চট্টগ্রাম থেকে কক্সবাজারের উদ্দেশে ছেড়ে যাবে।
নির্ধারিত সময়সূচি অনুযায়ী, মহানগর এক্সপ্রেস ঢাকা থেকে রাত সাড়ে ৮টায় ছেড়ে পরদিন সকাল ৬টায় কক্সবাজার পৌঁছাবে। ফিরতি পথে, ট্রেনটি কক্সবাজার থেকে সকাল ৮টায় ছেড়ে দুপুর ১২টা ২০ মিনিটে চট্টগ্রাম এবং সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
মহানগর এক্সপ্রেসের রুট কক্সবাজার পর্যন্ত সম্প্রসারণের ফলে ঢাকা বিমানবন্দর, নরসিংদী, ভৈরব বাজার, আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, আখাউড়া, কসবা, কুমিল্লা, লাকসাম, নাঙ্গলকোট ও ফেনী স্টেশনের যাত্রীরা কক্সবাজার যাতায়াতের সুবিধা পাবেন।
মহানগর এক্সপ্রেসে থাকবে ১৬টি কোচ, যার আসনসংখ্যা হবে ৭০৬ থেকে ৭৩৬টি। ট্রেনটির সাপ্তাহিক বন্ধ থাকবে রোববার। নতুন রুটে ট্রেন চলাচল শুরু করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে এবং গত ১৬ অক্টোবর থেকে রুটের টিকিট বিক্রিও শুরু হয়েছে।
অনলাইন ডেক্স 























