রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে শিশু চোর সন্দেহে মো. আলম শেখ (৪১) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এই ঘটনা ঘটে গতকাল বুধবার দিবাগত রাতে।
শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক (এসআই) রিমন মিয়া জানান, আলম শেখ হাসপাতালের শিশু ওয়ার্ডের সামনে ঘোরাঘুরি করছিলেন। এ সময় হাসপাতালে চিকিৎসাধীন শিশুদের স্বজনেরা তাঁকে ‘শিশু চোর’ সন্দেহ করেন এবং তাঁর কাছে আসার কারণ জানতে চান। কিন্তু আলম শেখ কোনো সদুত্তর দিতে পারেননি।
এতে ক্ষুব্ধ হয়ে শিশুদের স্বজনেরা আলম শেখকে টেনেহিঁচড়ে হাসপাতালে নিচে নামিয়ে মারধর করতে থাকেন। এসআই রিমন মিয়া জানান, মারধরের ফলে আলম শেখের মৃত্যু হয়। ঘটনার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে খবর দেওয়া হয় এবং পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
পুলিশ জানায়, আলম শেখের পরিচয় নিশ্চিত করতে আঙুলের ছাপ মিলিয়ে তাঁর পরিচয় পাওয়া যায়। তিনি রাজধানীর রূপনগরের টিনশেড এলাকায় থাকতেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলার পর জানা যায়, তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন এবং মস্তিষ্কে স্ট্রোকে আক্রান্ত ছিলেন।
ময়নাতদন্তের জন্য আলম শেখের মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। শেরেবাংলা নগর থানা-পুলিশ জানিয়েছে, আলম শেখের মরদেহ নিতে তাঁর পরিবারকে খবর দেওয়া হয়েছে।
অনলাইন ডেক্স 

























