উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে নতুন ধরনের প্রতিরোধমূলক লাউডস্পিকার ব্যবস্থা স্থাপনের ঘোষণা দিয়েছে। দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উনের বোন কিম ইয়ো জং বলেছেন, দক্ষিণ কোরিয়া যদি হস্তক্ষেপ অব্যাহত রাখে, তবে তাদের 'ভয়াবহ ও মর্মান্তিক পরিস্থিতির' মুখোমুখি হতে হবে।
কিম ইয়ো জং জানান, আগামী কয়েক দিনের মধ্যে সীমান্তে দক্ষিণ কোরিয়াবিরোধী লাউডস্পিকার বসানোর প্রস্তুতি নেওয়া হয়েছে। এই পদক্ষেপ দুই দেশের মধ্যে বিদ্যমান উত্তেজনাকে আরও বাড়িয়ে দেবে বলে ধারণা করা হচ্ছে।
উত্তর কোরিয়ার এই হুমকির প্রেক্ষাপট স্পষ্ট নয়, তবে সিউলের ক্রমাগত হস্তক্ষেপের কারণে মারাত্মক পরিণতি ভোগ করতে হবে বলে কিম হুঁশিয়ারি দিয়েছেন।
১৯৫০-৫৩ সালের কোরিয়ান যুদ্ধ যুদ্ধবিরতির মাধ্যমে স্থগিত হয়েছিল, ফলে আইনগতভাবে দুই কোরিয়া এখনও পরস্পরের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত রয়েছে। সম্প্রতি দুই দেশের সম্পর্কের অবনতি ঘটেছে।
গত ২১ সেপ্টেম্বর দুই দেশের নিরস্ত্রীকৃত অঞ্চলে (ডিএমজেড) ল্যান্ডমাইন বিস্ফোরণে দক্ষিণ কোরিয়ার তিন সেনা আহত হন। সিউলের অভিযোগ, উত্তর কোরিয়া উদ্দেশ্যপ্রণোদিতভাবে সেখানে মাইন পুঁতে রেখেছিল, যা পিয়ংইয়ং পুরোপুরি অস্বীকার করেছে।
অনলাইন ডেক্স 























