ফরিদপুরের সদরপুরে এক মোবাইল ব্যবসায়ীকে ১৮ ঘণ্টা আটকে রেখে মারধর ও ৫০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগের ভিত্তিতে পুলিশ ওই ব্যবসায়ীকে উদ্ধার এবং জড়িত দুই নারীকে গ্রেপ্তার করেছে।
বুধবার (২১ অক্টোবর) দুপুর ১২টার দিকে সদর ইউনিয়নের কদমতলা এলাকার খাদিজাতুল কোবরা মাদ্রাসার তৃতীয় তলার একটি কক্ষ থেকে দুই নারীকে গ্রেপ্তার করা হয়। আটক নারীরা হলেন কৃষ্ণপুর ইউনিয়নের কাটাখালী গ্রামের সুমনের স্ত্রী অঞ্জনা আক্তার (২৫) ও ঢেউখালী ইউনিয়নের বক্সডাঙ্গী গ্রামের মালা আক্তার (১৯)।
ভুক্তভোগী ব্যবসায়ী ইব্রাহীম খান (২৮) অভিযোগ করেন, অঞ্জনা তার কলেজ জীবনের বন্ধু হিসেবে পরিচিত। গত ২০ অক্টোবর রাতে অঞ্জনার ডাকে মাদ্রাসার একটি কক্ষে গেলে সেখানে মালা আগে থেকেই অবস্থান করছিল। অঞ্জনা তাকে রুমে রেখে বাইরে যাওয়ার কথা বলে দরজা আটকিয়ে দেয়। এরপর মালা কান্নার অভিনয় করে ব্যবসায়ীর কাছে টাকা দাবি করে।
অভিযোগ অনুযায়ী, কিছুক্ষণ পর অঞ্জনার স্বামী সুমনসহ ১০-১২ জন যুবক এসে ব্যবসায়ীকে মারধর করে এবং তার কাছে থাকা মোবাইল ফোন ও নগদ ৫০ হাজার টাকা ছিনিয়ে নেয়। পরে ব্যবসায়ী কৌশলে আত্মীয়কে ঘটনাস্থলে ডেকে পাঠান, যার মাধ্যমে পুলিশকে বিষয়টি জানানো হয়।
সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আল মামুন শাহ্ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় মামলা হয়েছে এবং দুই নারীকে গ্রেপ্তার করা হয়েছে। জড়িতদের শনাক্তে ও গ্রেপ্তারে অভিযান চলছে।
অনলাইন ডেক্স 
























