মাগুরায় দুর্বৃত্তের গুলিতে মো. শাকের হোসেন (শাকের) নামে পৌর যুবদলের এক নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে পরিবহন শ্রমিকরা বাস কাউন্টার বন্ধ রেখে সড়ক অবরোধ করেন। এতে বিভিন্ন সড়কে যান চলাচল ব্যাহত হয় এবং যাত্রীরা ভোগান্তিতে পড়েন।
নিহত শাকের হোসেন মাগুরা পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন এবং মাগুরা কেন্দ্রীয় বাস টার্মিনালে রয়েল এক্সপ্রেসের কাউন্টার মাস্টার হিসেবে কর্মরত ছিলেন। বুধবার (২১ অক্টোবর) ভোর ৫টার দিকে তাকে গুলি করা হয়। পরে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার ভোরে মোটরসাইকেলে করে দুই দুর্বৃত্ত রয়েল এক্সপ্রেসের কাউন্টারের সামনে আসে। একজন মোটরসাইকেল নিয়ে বাইরে অপেক্ষা করছিল এবং অন্যজন কাউন্টারের ভেতরে প্রবেশ করে শাকেরকে গুলি করে পালিয়ে যায়।
নিহতের মামা রানা মোল্লা হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। এদিকে, হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে বাস টার্মিনালের কাউন্টার মালিক সমিতি ও মোটর শ্রমিক ইউনিয়নের সদস্যরা বিক্ষোভ শুরু করেন।
ঘটনার পর মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার, গোয়েন্দা পুলিশ (ডিবি) ও অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ সুপার জানান, তদন্ত চলছে এবং ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে বিস্তারিত জানানো হবে।
অনলাইন ডেক্স 
























