মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শ্যামলী সূত্রধরকে দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে অব্যাহতি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) এ তথ্য নিশ্চিত করেছে বিএনপি মৌলভীবাজার জেলা শাখার আহ্বায়ক মো. ফয়জুল করিম ময়ূন এবং সদস্যসচিব মো. আবদুর রহিম রিপন স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, শ্যামলী সূত্রধরের বিরুদ্ধে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) গঠনতন্ত্র, নীতি ও আদর্শ পরিপন্থি কর্মকাণ্ডে জড়িয়ে থাকার সুনির্দিষ্ট অভিযোগ উঠেছে। এই অভিযোগের কারণে জনমনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে, যা দলের শৃঙ্খলার জন্য ক্ষতিকর বলে বিবেচিত হয়েছে।
শ্যামলী সূত্রধর অব্যাহতির বিষয়ে মন্তব্য করতে গিয়ে বলেন, ‘আমি সব সময় দলকে শ্রদ্ধা করি। দলের সিদ্ধান্তকে আমি মাথা পেতে নেব। তবে কী কারণে আমাকে অব্যাহতি দেওয়া হলো তা আমি জানি না। আমার কোনো ভুল হলে দলের কাছে ক্ষমা চাইব।’
জেলা বিএনপির আহ্বায়ক মো. ফয়জুল করিম ময়ূন বলেন, ‘দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে।’
অনলাইন ডেক্স 





















