সাতক্ষীরার তালা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. মিজানুর রহমানের ফেসবুক পোস্ট নিয়ে তীব্র সমালোচনা ও বিতর্ক সৃষ্টি হয়েছে। তিনি সম্প্রতি তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে মন্তব্য করেন, ‘আমার মনে হয় কেয়ামতের ময়দান থেকে সবচেয়ে বেশি জাহান্নামে যাবে মিডিয়া কর্মী।’
ডা. মিজানুর রহমানের এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয় সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা এর বিরুদ্ধে প্রতিবাদ জানান। সাংবাদিক সংগঠনগুলোর নেতারা দাবি করেন, গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের দর্পণ হিসেবে কাজ করে এবং সাংবাদিকদের বিরুদ্ধে এমন মন্তব্য দায়িত্বশীল কর্মকর্তার কাছ থেকে কাম্য নয়।
একাধিক গণমাধ্যমকর্মী মন্তব্য করেন, ডা. মিজানুর রহমানের বক্তব্য সাংবাদিক সমাজকে হেয় করার শামিল। তারা তার বিরুদ্ধে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানান।
এ বিষয়ে বক্তব্য জানতে ডা. মিজানুর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি। তবে সাতক্ষীরার সিভিল সার্জন ডা. মো. আ. সালাম বলেন, ‘একজন চিকিৎসক সাংবাদিকদের নিয়ে কখনো এমন লিখতে পারেন না। এ বিষয়ে খোঁজ নিয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।’
বিষয়টি জানাজানি হওয়ার পর জেলা স্বাস্থ্য বিভাগে আলোচনা শুরু হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, দায়িত্বশীল পদে থাকা কর্মকর্তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে বক্তব্য দেওয়ার ক্ষেত্রে আরও সতর্ক থাকা প্রয়োজন। একই সঙ্গে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন জেলার গণমাধ্যমকর্মীরা।
অনলাইন ডেক্স 
























