গাজীপুরের কালীগঞ্জে নানাবাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে দ্বীন ইসলাম ওরফে হামজা নামে ৪ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২১ অক্টোবর) সকালে উপজেলার মোক্তারপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শিশু হামজা ওই গ্রামের বাসিন্দা মাশরাফিল ওরফে সোহানের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, হামজা কয়েক দিন আগে মায়ের সঙ্গে নানাবাড়িতে বেড়াতে যায়। বুধবার সকালে বাড়ির উঠানে খেলাধুলা করার সময় সে পাশের পুকুরে পড়ে যায়।
স্বজনরা সকাল সাড়ে ১০টার দিকে তাকে খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুরে তল্লাশি চালিয়ে হামজাকে উদ্ধার করা হয়। তাকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সৈয়দ মোহাম্মদ শহিদুল ইসলাম জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই শিশুটির মৃত্যু হয়েছিল। এ বিষয়ে থানা পুলিশকে অবহিত করা হয়েছে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং শিশুটির অপমৃত্যুর বিষয়ে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলছে।
অনলাইন ডেক্স 

























