বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জাতীয় নির্বাহী কমিটির যুববিষয়ক সহসম্পাদক মীর নেওয়াজ আলী নেওয়াজ বলেছেন, মাদকবিরোধী অভিযান শুধুমাত্র আসক্তদের আটক করা নয়, বরং মূল সরবরাহকারী ও চোরাচালান চক্রের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া উচিত।
তিনি বলেন, মাদকবিরোধী অভিযানের উদ্দেশ্য হওয়া উচিত মাদকের সরবরাহব্যবস্থা ভেঙে দেওয়া এবং তরুণ প্রজন্মকে মাদকের প্রভাব থেকে রক্ষা করা। মাদকাসক্তদের চিকিৎসা ও পুনর্বাসনের সুযোগও নিশ্চিত করতে হবে।
মীর নেওয়াজ বলেন, মাদক নিয়ন্ত্রণের ক্ষেত্রে শুধুমাত্র মাদক উদ্ধার বা গ্রেপ্তারের সংখ্যা বাড়ানো যথেষ্ট নয়। বরং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে, তাদের রাজনৈতিক পরিচয় বা প্রভাব বিবেচনা না করে।
তিনি আরও বলেন, মাদকবিরোধী কার্যক্রমে জনপ্রতিনিধিরা জনসচেতনতা তৈরি এবং স্থানীয় সমস্যা চিহ্নিত করতে সহায়তা করতে পারেন, তবে অভিযান পরিচালনার দায়িত্ব আইন অনুযায়ী নির্ধারিত কর্তৃপক্ষের।
মীর নেওয়াজ জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে বিএনপির রাজনৈতিক সম্পর্কের বিষয়ে বলেন, গণতান্ত্রিক রাজনীতিতে প্রতিটি দলের নিজস্ব আদর্শ রয়েছে এবং মতের মিল থাকলে আলোচনার সুযোগ রয়েছে।
অনলাইন ডেক্স 

























