কক্সবাজারের টেকনাফের বাহারছড়ায় মো. রফিক (৩৭) নামের এক ব্যক্তিকে অস্ত্রের মুখে অপহরণের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২০ অক্টোবর) রাত আটটার দিকে বাহারছড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চৌকিদারপাড়ায় এ ঘটনা ঘটে।
অপহৃত রফিক মমতাজ আহমদের ছেলে এবং বাহারছড়া উত্তর শাখা ছাত্রদলের সভাপতি আবদুল্লাহ কায়সারের বড় ভাই। আজ সকাল সাড়ে আটটা পর্যন্ত তার সন্ধান পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, রফিক গতকাল রাতে বাইন্যাপাড়ার এলজিইডি সড়কের পূর্ব পাশে পাহাড়ের পাদদেশে নিজ বাড়িতে ছিলেন। এ সময় কুকুরের ডাকাডাকি শুনে তিনি বাড়ি থেকে বের হন। তখন কয়েকজন অস্ত্রধারী তাকে ঘিরে ধরে অস্ত্রের মুখে জিম্মি করে পাহাড়ের দিকে নিয়ে যায়। প্রতিবেশীরা এগিয়ে এলে অস্ত্রধারীরা দুটি ফাঁকা গুলি ছোড়ে, যা আশপাশের এলাকায় আতঙ্ক সৃষ্টি করে।
বাহারছড়া ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য হুমায়ুন কাদের বলেন, রাত আটটার দিকে রফিককে অপহরণ করা হয়েছে এবং বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গেলেও রফিককে উদ্ধার করা সম্ভব হয়নি।
বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক আবু সাইদ জানান, রফিকের বাড়ি পাহাড়ের পাদদেশে অবস্থিত এবং তাকে উদ্ধারের চেষ্টা চলছে।
অনলাইন ডেক্স 

























