বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের বহির্বিভাগের ১৫১ নম্বর কক্ষে এয়ার কন্ডিশনার (এসি) বিস্ফোরণের ফলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (১৮ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে এই ঘটনা ঘটে, তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
হাসপাতালের সূত্রে জানা গেছে, রাতের বেলায় ১৫১ নম্বর কক্ষের এসিটিতে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এর পর মুহূর্তের মধ্যে আগুন পুরো কক্ষে ছড়িয়ে পড়ে। হাসপাতালের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিজস্ব অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনেন।
হাসপাতালের ওয়ার্ড বয় মোজাফফর হোসেন ডালিম জানান, দুপুর আড়াইটার পর বহির্বিভাগ বন্ধ হয়ে যায় এবং রাতে ওই কক্ষের এসি বিস্ফোরিত হয়ে ধোঁয়া ছড়িয়ে পড়ে। আগুনে চোখের লেন্স পরীক্ষা-নিরীক্ষার সরঞ্জামসহ বিভিন্ন চিকিৎসাসামগ্রী ক্ষতিগ্রস্ত হয়েছে। এ সময় কক্ষের বাইরের থাই গ্লাসও ভেঙে যায়।
বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইব্রাহীম আলী বলেন, ‘বিস্ফোরণ থেকে চক্ষু বিভাগের অপারেশন থিয়েটারে আগুন লেগে কিছু সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে সময়মতো আগুন নিয়ন্ত্রণে আসায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।’
অনলাইন ডেক্স 

























