বাংলাদেশে উচ্চ রক্তচাপ একটি গুরুতর স্বাস্থ্য সমস্যা হিসেবে চিহ্নিত হয়েছে। বছরে প্রায় ৫ লক্ষ ৭১ হাজার মানুষের মৃত্যুর জন্য দায়ী এই রোগসহ অন্যান্য অসংক্রামক রোগ।
রোববার (১৮ অক্টোবর) রাজধানীর বিএমএ ভবনে ‘বাংলাদেশে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন: অগ্রগতি, বাধা এবং করণীয়’ শীর্ষক সাংবাদিক কর্মশালায় এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়। সরকার সম্প্রতি স্বাস্থ্য বাজেট বৃদ্ধি করেছে, যা জনস্বাস্থ্য উন্নয়নে একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।
কর্মশালায় জানানো হয়, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ‘হেলথ অ্যান্ড মরবিডিটি স্ট্যাটাস সার্ভে-২০২৫’ অনুযায়ী, উচ্চ রক্তচাপ দেশের শীর্ষ ১০টি রোগের মধ্যে প্রথম স্থানে রয়েছে। ২০২৪ সালে হৃদরোগে মৃত্যুবরণকারী প্রায় ২ লাখ ৮৩ হাজার ৮০০ মানুষের মধ্যে ৫২ শতাংশের মৃত্যুর কারণ ছিল উচ্চ রক্তচাপ।
তরুণদের মধ্যে উচ্চ রক্তচাপের প্রকোপ বাড়ছে বলেও উদ্বেগ প্রকাশ করা হয়। ‘বাংলাদেশ এনসিডি স্টেপস সার্ভে, ২০১৮’ অনুযায়ী, ১৮-৩৯ বছর বয়সী জনগণের প্রায় ১২ শতাংশ উচ্চ রক্তচাপে আক্রান্ত।
এসেনসিয়াল ড্রাগস্ কোম্পানী লিমিটেডের উপ-মহাব্যবস্থাপক মো. রিয়াদ আরেফিন বলেন, স্বাস্থ্য খাতে বরাদ্দ বৃদ্ধি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই বরাদ্দ উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে ব্যয় করা হলে প্রান্তিক জনগণের জন্য বিনামূল্যে ওষুধের সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে।
কর্মশালায় ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ)-এর সভাপতি দৌলত আকতার মালা এবং জিএইচএআই বাংলাদেশ কান্ট্রি লিড মুহাম্মাদ রূহুল কুদ্দুসও বক্তব্য রাখেন। তারা স্বাস্থ্য বাজেটে বরাদ্দ বৃদ্ধির প্রয়োজনীয়তা তুলে ধরেন।
অনলাইন ডেক্স 

























