কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম, যিনি হিরো আলম নামে পরিচিত, তার সাবেক স্ত্রী মোছা. সাথী খাতুন (২২) ও আরও দুইজনের বিরুদ্ধে চাঁদা দাবির মামলা দায়ের করেছেন। মামলায় ১৫ লাখ টাকা চাঁদা দাবি, প্রতারণা, অর্থ আত্মসাৎ এবং প্রাণনাশের হুমকির অভিযোগ আনা হয়েছে।
মামলাটি সোমবার (১৯ অক্টোবর) সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজু আহমেদের আদালতে দায়ের করা হয়। মামলার অপর আসামিরা হলেন হিরো আলমের সহযোগী আহসান হাবিব সেলিম (৩০) এবং মো. মহিদুল ইসলাম (২৮)।
হিরো আলমের আইনজীবী সান্তা সাকছিনা জানিয়েছেন, আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে, সাবেক স্ত্রী সাথী খাতুন হিরো আলমের কাছে এসে তার মিউজিক ভিডিওতে কাজের সুযোগ দেওয়ার অনুরোধ করেন। পরে সংসারের খরচ ও পোশাক কেনার জন্য হিরো আলম তাকে অর্থ দেন। গত ২২ আগস্ট সৌদি আরবে যাওয়ার পর সাথী খাতুন মিউজিক ভিডিওর শুটিংয়ের জন্য আরও দুই লাখ টাকা দাবি করেন।
অভিযোগে আরও বলা হয়েছে, গত ১৭ আগস্ট সাথী খাতুনকে পাঁচ লাখ টাকা দেওয়া হয় এবং তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে ওই অর্থ ব্যাংকে জমা রাখার কথা স্বীকার করেছেন। পরে ২৯ সেপ্টেম্বর তালাক দেওয়ার পর তিন আসামি মিলে ১৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে হিরো আলম ও তার পরিবারের সদস্যদের গালাগাল এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ করা হয়েছে।
অনলাইন ডেক্স 

























