জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন কেন্দ্রীয় সংগঠক (দক্ষিণাঞ্চল) মো. আবদুর রহমান। তিনি অভিযোগ করেছেন যে, দলটিতে কেন্দ্র থেকে ওয়ার্ড পর্যন্ত জামায়াতে ইসলামীর আদর্শের বিস্তার ঘটেছে।
শুক্রবার (১৬ অক্টোবর) আবদুর রহমান এনসিপির আহ্বায়কের কাছে পদত্যাগপত্র জমা দেন এবং দলের সব ধরনের সাংগঠনিক দায়িত্ব ও পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। তিনি পদত্যাগপত্রটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শেয়ার করেছেন।
পদত্যাগপত্রে আবদুর রহমান উল্লেখ করেন, নির্বাচনের আগে ও পরে জামায়াতের সঙ্গে গড়ে ওঠা রাজনৈতিক জোটের কারণে এনসিপি তার ঘোষিত আদর্শ থেকে সরে গেছে। তিনি জানান, এই পরিস্থিতিতে দলের সঙ্গে সাংগঠনিক দায়িত্ব পালন করা তার পক্ষে নৈতিক ও আদর্শিকভাবে অসম্ভব হয়ে পড়েছে।
আবদুর রহমান বলেন, রাজনৈতিক জোট এবং আদর্শিক জোট এক হবে না—এমন প্রত্যাশা থেকে তিনি এনসিপির সঙ্গে ছিলেন। তবে সংগঠনের ভেতরে-বাইরে দ্বিচারিতা বেড়ে যাওয়ার অভিযোগ করেন তিনি।
পদত্যাগপত্রে সহকর্মীদের আচরণ নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন আবদুর রহমান। তিনি বলেন, ঐতিহাসিক বিষয়ে মতামত প্রকাশের কারণে তাকে ‘মুজিববাদী’ তকমা দেওয়ার ঘটনা অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি করেছে।
এনসিপির ভবিষ্যৎ রাজনৈতিক ভূমিকা নিয়ে প্রত্যাশা ব্যক্ত করে আবদুর রহমান বলেন, তিনি আশা করেন যে, দলটি দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় ইতিবাচক ভূমিকা রাখবে।
অনলাইন ডেক্স 





















