বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের মামলায় বিদেশি আইনজীবী নিয়োগের অনুমতি চেয়ে করা আবেদন নিয়ে বাংলাদেশ বার কাউন্সিলের পরবর্তী বৈঠকে আলোচনা হবে। সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান ও একাত্তর টেলিভিশনের সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রুপার পক্ষে এসব আবেদন করা হয়েছে।
বার কাউন্সিলের চেয়ারম্যান ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে বিদেশি আইনজীবী নিয়োগের বিষয়ে বার কাউন্সিলের মতামত চাওয়া হয়েছিল, তবে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
বার কাউন্সিল সূত্রে জানা গেছে, বাংলাদেশের আদালত বা ট্রাইব্যুনালে বিদেশি আইনজীবীর মামলা পরিচালনা বা শুনানিতে অংশ নেওয়ার জন্য বার কাউন্সিলের পূর্বানুমতি নেওয়া বাধ্যতামূলক। তাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিদেশি আইনজীবীদের অংশগ্রহণের বিষয়টি অনুমতির ওপর নির্ভর করছে।
আসামিপক্ষের আইনজীবীরা আশা করছেন, তাদের মক্কেলদের পক্ষে বিদেশি আইনজীবী নিয়োগের অনুমতি দেওয়া হবে। প্রসিকিউশনের মতে, বার কাউন্সিল অনুমতি দিলে বিদেশি আইনজীবীদের মামলা পরিচালনায় অংশ নিতে আইনগত বাধা থাকবে না।
ফারজানা রুপার পক্ষে যুক্তরাজ্যের দুই আইনজীবী, জোনাথন প্রাইস ও নিকিলা কৌশিক, বিদেশি আইনজীবী হিসেবে মামলা পরিচালনার আগ্রহ জানিয়ে আবেদন করেছেন। তাদের আবেদন বুধবার (১৪ অক্টোবর) বার কাউন্সিলে জমা দেওয়া হয়। ফারজানা রুপার মামলায় অভিযোগ গঠনের শুনানির দিন আগামী ১ নভেম্বর ধার্য রয়েছে।
অনলাইন ডেক্স 























