নাটোরের গুরুদাসপুরে শাকিল ইসলাম (২৩) নামে এক ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। বুধবার (১৪ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে গুরুদাসপুর পৌর শহরের চাঁচকৈড় বাজারপাড়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
আহত শাকিল গুরুদাসপুর পৌর ছাত্রদলের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি চাঁচকৈড় খোয়ারপাড়া গ্রামের রবিউল মিস্ত্রির ছেলে। গুরুতর আহত অবস্থায় শাকিলকে প্রথমে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী কলেজ হাসপাতালে পাঠানো হয়।
হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক নওশিন জাহান জানান, শাকিলের শরীরের বিভিন্ন স্থানে ধারাল অস্ত্রের আঘাত রয়েছে। প্রাথমিক চিকিৎসার পর তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
শাকিল জানান, তিনি রাত ৯টার দিকে চাঁচকৈড় বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথে নুর অ্যাকাডেমির কাছে পৌঁছালে হেলমেট পরা দুই ব্যক্তি মোটরসাইকেলে এসে তাকে লক্ষ্য করে গুলি করেন। গুলি থেকে বাঁচতে তিনি দৌড় দেন, তবে দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে।
এ ঘটনার পর নাটোর-৪ আসনের সংসদ সদস্য আব্দুল আজিজ গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে আহত শাকিলের সঙ্গে কথা বলেন এবং পুলিশ প্রশাসনকে অবিলম্বে দুর্বৃত্তদের শনাক্ত ও আটক করার নির্দেশনা দেন। গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এবং পুলিশ ইতোমধ্যে দুর্বৃত্তদের চিহ্নিত করতে কাজ শুরু করেছে।
অনলাইন ডেক্স 

























