ঢাকা সিটি কর্পোরেশনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতা ও অবহেলার কারণে রাজধানীর পার্কগুলো ব্যবহারের অনুপযোগী ও অনিরাপদ হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন ডাকসু ভিপি ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদপ্রার্থী আবু সাদিক কায়েম।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে সামাজিক সংগঠন ‘রমনা সমাজকল্যাণ সোসাইটির’ উদ্যোগে আয়োজিত এক ম্যারাথন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। ‘সুস্বাস্থ্যের জন্য ম্যারাথন’ স্লোগানকে সামনে রেখে ম্যারাথনটি রাজধানীর সিদ্ধেশ্বরী থেকে শুরু হয়ে বেইলি রোড ও মিন্টো রোড হয়ে রমনা পার্কের ভেতরে প্রদক্ষিণ শেষে যমুনার সামনে গিয়ে শেষ হয়। এতে স্থানীয় পাঁচ শতাধিক নাগরিক অংশ নেন।
আবু সাদিক কায়েম বলেন, ‘বিদেশে নাগরিকেরা সুস্থতার জন্য পার্কে গিয়ে শরীর চর্চা করে। কিন্তু আমাদের ঢাকা শহরে মানুষের সুস্থতার জন্য প্রয়োজনীয় পার্ক বা মাঠ নেই। নামমাত্র যে কয়টি পার্ক রয়েছে, সেগুলোও কর্তৃপক্ষের উদাসীনতায় ব্যবহারের অনুপযোগী ও অনিরাপদ।’
তিনি আশ্বাস দেন, ‘আগামীতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের দায়িত্বে জনগণ আমাদের নির্বাচিত করলে বিদ্যমান পার্কগুলোকে দখলমুক্ত করে জনগণের ব্যবহার উপযোগী করা হবে। নতুন পার্ক নির্মাণের উদ্যোগও নেওয়া হবে।’
রমনা সমাজকল্যাণ সোসাইটির চেয়ারম্যান আবদুস সাত্তার সুমন বলেন, ‘স্বাস্থ্য সুরক্ষা ও সামাজিক বন্ধন তৈরিতে ম্যারাথনের পাশাপাশি সমাজ থেকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি দূর করতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।’
অনলাইন ডেক্স 
























