পাকিস্তানের লাহোর থেকে করাচিগামী ‘গ্রিন লাইন’ ট্রেনে এক পুলিশ কর্মকর্তার দ্বারা বিদেশি পর্যটকদের ব্যক্তিগত জিনিসপত্র তল্লাশির একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, পুলিশ কর্মকর্তা পর্যটকদের মোজা ও জামাকাপড় শুঁকছেন, যা যাত্রীদের গোপনীয়তা সুরক্ষা এবং পুলিশের আচরণ নিয়ে বিতর্ক সৃষ্টি করেছে।
মালয়েশিয়ান পর্যটক ইমন (Aemon) ভিডিওটি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন। তিনি জানান, তারা ফার্স্ট ক্লাস এসি কেবিনে ভ্রমণ করছিলেন এবং এমন অভিজ্ঞতার আশা করেননি। ট্রেন কর্মকর্তারা প্রথমে তাদের টিকিট ও পাসপোর্ট পরীক্ষা করেন এবং ১০ মিনিট পর পুলিশ কর্মকর্তা তাদের কেবিনে ফিরে এসে তল্লাশি শুরু করেন।
ভিডিওতে দেখা যায়, পুলিশ কর্মকর্তা ইমনের দেহ তল্লাশি করেন এবং পরে জার্মান নারী লুইজার (Luiza) ব্যাগ খুলে তার জামাকাপড়, মোজা ও মেকআপ কিট পরীক্ষা করেন। এ সময় কর্মকর্তাটি কিছু জিনিস নাকের কাছে এনে শুঁকছেন, যা পর্যটক দম্পতিকে অস্বস্তিতে ফেলে দেয়।
যাত্রীদের পাসপোর্ট পরীক্ষা করা নিয়মিত নিরাপত্তা প্রক্রিয়ার অংশ হলেও, এই ধরনের তল্লাশির প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন উঠেছে। ভিডিওতে কর্মকর্তার তল্লাশির কারণ স্পষ্ট নয় এবং পুলিশের পক্ষ থেকেও কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা পাওয়া যায়নি।
অনলাইনে অনেক ব্যবহারকারী কর্মকর্তার আচরণকে সমালোচনা করেছেন, তবে কিছু ব্যবহারকারী পুলিশের পদক্ষেপের পক্ষেও মতামত দিয়েছেন। তারা বলেন, আন্তর্জাতিক পর্যটকদের মাঝে মাঝে মাদক নিয়ে আসার সম্ভাবনা থাকে, তাই পুলিশ তাদের দায়িত্ব পালন করছিলেন।
অনলাইন ডেক্স 
























