বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আগামীকাল ১৬ অক্টোবর ২০২৬ (শুক্রবার) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত ৩২৩ মহিলা-২৩ আসনের সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনের জন্য দলীয় মনোনয়ন ফরম বিতরণ করবে।
বিএনপির মিডিয়া সেলের ভেরিফায়েড ফেসবুক পেজে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, নির্বাচন কমিশন ঘোষিত শিডিউল অনুযায়ী উপনির্বাচন আগামী ১২ নভেম্বর ২০২৬ (বৃহস্পতিবার) অনুষ্ঠিত হবে।
দলীয় মনোনয়নপ্রত্যাশী নারী প্রার্থীদের ফরম উত্তোলনের জন্য বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে আসার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া, পূরণকৃত মনোনয়ন ফরম আগামী ১৭ অক্টোবর ২০২৬ তারিখে একই স্থানে জমা দেওয়ার জন্য বলা হয়েছে।
উল্লেখ্য, ঢাকার মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টির সংশ্লিষ্টতার অভিযোগ ওঠে। দলের প্রধান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে তিনি গত ১ অক্টোবর সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেন।
অনলাইন ডেক্স 
























