রাজধানীর গুলশান আবাসিক এলাকায় বর্জ্য অপসারণের কাজ পেতে চাপ সৃষ্টি এবং ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
১০ অক্টোবর শনিবার সন্ধ্যা ৭টার দিকে খিলক্ষেত থানার আশিয়ান মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন মো. আনোয়ার (৩০), মো. নাজমুল (২৫) ও মো. জিদান মিয়া (১৯)।
পুলিশের তথ্য অনুযায়ী, ৬ অক্টোবর বেলা সাড়ে তিনটার দিকে কয়েকজন ব্যক্তি গুলশান সোসাইটির কার্যালয়ে ঢুকে কর্মকর্তা-কর্মচারীদের জিম্মি করেন। তারা বর্জ্য অপসারণের কাজ নিজেদের দিতে দাবি জানান এবং চাঁদা না দিলে বড় ধরনের ক্ষতি ও প্রাণনাশের হুমকি দেন।
পুলিশ জানায়, অভিযুক্তরা ‘বি এন্টারপ্রাইজ’ নামের একটি প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে গুলশান আবাসিক এলাকার বিভিন্ন বাসায় লিফলেট বিতরণ করছিলেন। প্রতিষ্ঠানটির নিবন্ধন ও অনুমোদন ছিল না বলে অভিযোগ করা হয়েছে।
ঘটনার পর গুলশান থানা-পুলিশ প্রাথমিক তদন্ত ও সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে অভিযুক্তদের শনাক্ত করে গ্রেপ্তার করে। এ ঘটনায় গুলশান থানায় মামলা দায়ের করা হয়েছে এবং আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
অনলাইন ডেক্স 

























