কুষ্টিয়া সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে নতুন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানাতে আয়োজিত মিছিলে বাধা দেওয়ার ঘটনায় ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতা-কর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও হাতাহাতির ঘটনা ঘটেছে। এতে দুই শিক্ষার্থী আহত হয়েছেন।
রোববার (১১ অক্টোবর) দুপুরে ক্যাম্পাসের হোস্টেল এলাকায় এ ঘটনা ঘটে। কলেজ প্রশাসন ও পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। সন্ধ্যায় উভয় পক্ষের মধ্যে সমঝোতা হলে বিরোধের অবসান ঘটে।
শিক্ষার্থী ও পুলিশ সূত্রে জানা যায়, ২০২৬ শিক্ষাবর্ষে ভর্তি কার্যক্রম উপলক্ষে গত তিন দিন ধরে ক্যাম্পাসে হেল্পডেস্ক পরিচালনা করে আসছিল ছাত্রদল। আজ নতুন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানাতে মিছিলের আয়োজন করা হলে সাধারণ শিক্ষার্থীদের মিছিলে অংশগ্রহণে বাধা দেওয়ার কারণে কথা-কাটাকাটি শুরু হয়।
কুষ্টিয়া সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রদলের সাবেক সদস্যসচিব মারুফ হোসেন পিয়াস বলেন, ‘বড় কোনো দুর্ঘটনা ঘটেনি। বিশৃঙ্খলার মধ্যে এক শিক্ষার্থী চড়-থাপ্পড়ের শিকার হয়েছেন বলে শুনেছি।’ অন্যদিকে ছাত্রশিবিরের কুষ্টিয়া জেলা সেক্রেটারি জুবায়ের আহমেদ জানান, ‘পড়াশোনার চাপের কারণে সিনিয়ররা জুনিয়রদের কর্মসূচিতে যেতে নিরুৎসাহিত করেছিলেন।’
ইনস্টিটিউটের অধ্যক্ষ রুহুল আমিন বলেন, ‘এটি রাজনৈতিক সংঘাত হিসেবে না দেখে শিক্ষার্থীদের মধ্যকার ভুল বোঝাবুঝি হিসেবেই দেখছি।’ কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জানান, ‘শিক্ষার্থীদের মধ্যে ছোটখাটো ভুল বোঝাবুঝি থেকে এ ঘটনার সূত্রপাত।’
অনলাইন ডেক্স 






















