ফরিদপুর-৪ (সদরপুর, ভাঙ্গা ও চরভদ্রাসন) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল বলেছেন, দেশের অর্থনৈতিক সংকটের মধ্যেও সরকার জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করছে।
আজ রোববার (১১ অক্টোবর) দুপুর ১২টার দিকে ফরিদপুরের সদরপুর উপজেলায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ডিও (ডিমান্ড অর্ডার) বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি উল্লেখ করেন, নির্বাচনের আগে মসজিদের ইমাম-মুয়াজ্জিন ও মন্দিরের পুরোহিতদের সরকারিভাবে ভাতা দেওয়ার ওয়াদা করা হয়েছিল এবং তা বাস্তবায়ন করা হচ্ছে।
শহিদুল ইসলাম বাবুল বলেন, বিএনপি সরকার মুসলিম-হিন্দু কোনো বৈষম্য করবে না। তিনি জানান, গত বছর দুর্গাপূজা উপলক্ষে প্রতিটি পূজামণ্ডপের জন্য ৫০০ কেজি চাল বরাদ্দ দেওয়া হয়েছিল, যা এ বছর ৬০০ কেজিতে বৃদ্ধি করা হয়েছে।
তিনি বিশ্বজুড়ে অস্থিতিশীল পরিস্থিতির কথা উল্লেখ করে বলেন, বিভিন্ন দেশে যুদ্ধ ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে অর্থনৈতিক সংকট সৃষ্টি হয়েছে, যা দেশের অর্থনীতিতে প্রভাব ফেলছে।
এমপি বাবুল বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের অধিকার নিশ্চিত করা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা সরকারের দায়িত্ব। এ ক্ষেত্রে সকলকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
অনলাইন ডেক্স 
























