রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে খতিব আব্দুল মালেকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে বিক্ষোভ করেছেন একদল মুসল্লি। শুক্রবার (৯ অক্টোবর) পবিত্র জুমার নামাজের পর মসজিদের উত্তর গেটে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ চলাকালীন বিএনপির যুগপৎ সঙ্গী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নেতাকর্মীরাও পাশেই মিছিল করছিলেন। এ সময় কিছু অংশগ্রহণকারী ‘জামায়াত-শিবির বিরোধী’ স্লোগান দেন। তাদের ‘জামায়াত-শিবিরের আস্তানা, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’ এবং ‘মওদুদীর আস্তানা, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’ স্লোগান দিতে শোনা যায়। এতে কিছুক্ষণ উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।
পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম জানিয়েছেন, ‘বিভিন্ন সংগঠনের প্রোগ্রাম ছিল বলে একটু ভিন্ন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তবে অপ্রীতিকর কোনও ঘটনা ঘটেনি।’
বিক্ষোভকারীরা অভিযোগ করেছেন যে জামায়াতে ইসলামী খতিব আব্দুল মালেককে অপসারণ করার ষড়যন্ত্র করছে। তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা অপপ্রচার চালানোর কথাও উল্লেখ করেছেন।
এ বিষয়ে জামায়াতের কারও বক্তব্য নেওয়া সম্ভব হয়নি, তবে দলের একটি সূত্র জানিয়েছে, সেখানে তাদের কোনও কর্মসূচি ছিল না। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এ সময় সতর্ক অবস্থানে ছিলেন।
অনলাইন ডেক্স 























