পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেছেন, বড় বিনিয়োগের ক্ষেত্রে সংশ্লিষ্ট এলাকার জলবায়ু পরিস্থিতি বিবেচনা করা জরুরি। তিনি বুধবার (৭ অক্টোবর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ‘বাংলাদেশ ক্লাইমেট ডেভেলপমেন্ট পার্টনারশিপ (বিসিডিপি) নলেজ কনফারেন্স ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘আজকের উন্নয়ন সিদ্ধান্ত আগামী কয়েক দশকের জলবায়ু ঝুঁকি নির্ধারণ করবে।’ তিনি সম্মেলনে বিসিডিপির ওয়েব পোর্টাল উদ্বোধন করেন, যা জলবায়ু সম্পর্কিত প্রকল্প ও বিনিয়োগের তথ্য ব্যবস্থাপনা এবং স্বচ্ছতা বাড়ানোর সুযোগ তৈরি করবে।
আবদুল আউয়াল মিন্টু জানান, অভিযোজনমূলক বিনিয়োগ জনকল্যাণ নিশ্চিত করে, তাই জলবায়ু অর্থায়নের কাঠামোতে বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার ও আর্থিক সক্ষমতার প্রতিফলন থাকতে হবে। তিনি পরিচ্ছন্ন জ্বালানি ও টেকসই অবকাঠামো খাতে বেসরকারি বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান।
মন্ত্রী স্থানীয় জনগণের অভিজ্ঞতাকে পরিকল্পনায় অন্তর্ভুক্ত করার ওপর গুরুত্বারোপ করেন এবং বলেন, প্রকল্প প্রণয়ন, বাস্তবায়ন ও পরিবীক্ষণের প্রতিটি পর্যায়ে নারীদের, তরুণদের, প্রতিবন্ধী ব্যক্তিদের ও প্রান্তিক জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।
সম্মেলনে এশীয় উন্নয়ন ব্যাংকের নির্বাহী পরিচালক সত্যা শ্রীনিবাস লোল্লা বলেন, বাংলাদেশের জাতীয় জলবায়ু পরিকল্পনাগুলো বাস্তবায়নে সরকারি ও বেসরকারি উভয় খাতের উল্লেখযোগ্য বিনিয়োগ প্রয়োজন। সম্মেলনের প্রথম দিনে জলবায়ু সহনশীলতা ও নিম্ন-কার্বন প্রবৃদ্ধি, জাতীয় অভিযোজন পরিকল্পনা এবং এনডিসি ৩.০ বাস্তবায়নের বিষয়গুলো গুরুত্ব পায়।
অনলাইন ডেক্স 
























