প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন বলেছেন, জনগণের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রীর একটি বিশেষ ভিশন রয়েছে। তিনি মঙ্গলবার (৬ অক্টোবর) কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬-এর উদ্বোধন অনুষ্ঠানে এ কথা জানান।
মাহদী আমিন জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান এবং শিক্ষা ব্যবস্থায় ক্রীড়াকে বেশি গুরুত্ব দেওয়ার পরিকল্পনা রয়েছে। আগামী বছর চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলাকে একটি স্বতন্ত্র বিষয় হিসেবে অন্তর্ভুক্ত করা হবে।
তিনি বলেন, এবারের গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় ষষ্ঠ থেকে দশম শ্রেণির প্রায় ৩০ হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করছে। ফাইনাল রাউন্ডে ৩ শতাধিক শিক্ষার্থী অংশ নেবে।
মাহদী আমিন আরও বলেন, প্রধানমন্ত্রী ‘প্রাইম মিনিস্টার গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট’ আয়োজনের ঘোষণা দিয়েছেন, যা বৃহৎ পরিসরে অনুষ্ঠিত হবে।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের এবং কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান উপস্থিত ছিলেন।
অনলাইন ডেক্স 























