সিরাজগঞ্জের বিভিন্ন থানায় অভিযান চালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের চার নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (০৫ অক্টোবর) গভীর রাত থেকে দুপুর পর্যন্ত সিরাজগঞ্জ সদর, সলঙ্গা ও তাড়াশ থানায় এ অভিযান পরিচালিত হয়।
গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন রায়গঞ্জের ধুবিল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল করিম ভোলা (৬৫), সদর উপজেলার আওয়ামী লীগ নেতা মো. রফিকুল ইসলাম (৫৫), যুবলীগ নেতা ইউসুফ শেখ (২৭) এবং তাড়াশ উপজেলার দেশীগ্রাম ইউনিয়ন যুবলীগের সহসভাপতি রাকিব (৪৫)।
সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম আলী জানান, সোমবার বেলা ১২টার দিকে সলঙ্গা বাজার এলাকায় অভিযান চালিয়ে আব্দুল করিম ভোলাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে হাটিকুমরুল থানা পোড়ানো ও বিস্ফোরক আইনে মামলা রয়েছে।
সিরাজগঞ্জ সদর থানার ওসি মো. রাকিবুল ইসলাম জানান, সোমবার গভীর রাতে নিজ নিজ এলাকায় অভিযান চালিয়ে রফিকুল ও ইউসুফকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
তাড়াশ থানার ওসি ইমাম জাফর জানান, সোমবার গভীর রাতে দেশীগ্রাম ইউনিয়নের নিজ বাড়িতে অভিযান চালিয়ে যুবলীগ নেতা রাকিবকে গ্রেপ্তার করা হয়। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
অনলাইন ডেক্স 






















