দেশের সব বিমানবন্দরে লাগেজ চুরি ও লুটপাট প্রতিরোধে লাগেজ হ্যান্ডলিংয়ের কার্যক্রম লাইভ সিসিটিভিতে সম্প্রচার করার দাবি জানিয়ে সরকারকে আইনি নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান মামুন। তিনি সোমবার (৫ অক্টোবর) জনস্বার্থে এই নোটিশ পাঠান।
আইনি নোটিশে উল্লেখ করা হয়েছে, বিমানবন্দর হচ্ছে বাংলাদেশের আন্তর্জাতিক প্রবেশদ্বার। তবে দীর্ঘদিন ধরে যাত্রী, পর্যটক, কূটনীতিক ও প্রবাসী শ্রমিকরা লাগেজ চুরির শিকার হচ্ছেন। উড়োজাহাজের কার্গো হোল্ড থেকে লাগেজ নামানোর সময় অসাধু চক্র নিয়মিতভাবে যাত্রীদের তালাবদ্ধ লাগেজ কেটে মূল্যবান জিনিসপত্র চুরি করছে। এই পরিস্থিতি যাত্রীদের আর্থিক ক্ষতি ও মানসিক চাপ সৃষ্টি করছে।
নোটিশে বলা হয়েছে, রানওয়ে ও ব্যাগেজ সর্টিং এরিয়ায় নজরদারির অভাব এবং সিসিটিভির অনুপস্থিতি চুরির ঘটনার জন্য দায়ী। লাগেজ পরিবহন প্রক্রিয়ায় স্বচ্ছতা আনার জন্য সিসিটিভির আওতায় পুরো কার্যক্রম লাইভ সম্প্রচার করতে হবে। নিরাপত্তা সংস্থার তল্লাশির সময়ও যাত্রীদের সামনে তা লাইভ দেখানোর ব্যবস্থা করতে হবে।
আইনি নোটিশে বিমানবন্দর কর্মীদের নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতির সমালোচনা করা হয়েছে। বলা হয়েছে, ঘুষের মাধ্যমে নিয়োগ পাওয়া কর্মীদের কাছ থেকে সততা আশা করা যায় না। তাই নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতি রোধে দুর্নীতি দমন কমিশনকে সক্রিয় নজরদারি চালানোর অনুরোধ জানানো হয়েছে।
নোটিশে আগামী ১০ দিনের মধ্যে লাগেজ হ্যান্ডলিংয়ের লাইভ সিসিটিভি সম্প্রচার ও প্রকাশ্যে লাগেজ তল্লাশি নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অনুরোধ করা হয়েছে। অন্যথায়, সুপ্রিম কোর্টে রিট পিটিশন দায়েরের হুমকি দেওয়া হয়েছে।
অনলাইন ডেক্স 























