বঙ্গোপসাগরকেন্দ্রিক ভূরাজনীতি, আঞ্চলিক নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা, অর্থনৈতিক সংযোগ, জলবায়ু পরিবর্তন ও সুশাসন নিয়ে আন্তর্জাতিক সংলাপ ‘বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬’ আগামীকাল শনিবার (৩ অক্টোবর) থেকে ঢাকায় শুরু হচ্ছে।
রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ৫ অক্টোবর পর্যন্ত চলবে এই সম্মেলন। এতে বিশ্বের ১০০টির বেশি দেশের নীতিনির্ধারক, কূটনীতিক, ব্যবসায়ী, গবেষক, শিক্ষাবিদ, সাংবাদিক ও নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন।
উদ্বোধনী অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অতিথিদের মধ্যে বিভিন্ন দেশের সাবেক ও বর্তমান রাষ্ট্রপ্রধান, মন্ত্রী, কূটনীতিক, সামরিক বিশেষজ্ঞ, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, গবেষক, ব্যবসায়ী, বিনিয়োগকারী, সাংবাদিক, মানবাধিকার কর্মী, প্রযুক্তি বিশেষজ্ঞ এবং আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা থাকবেন।
আজ শুক্রবার সকালে এক সংবাদ সম্মেলনে সিজিএস’র প্রেসিডেন্ট জিল্লুর রহমান সম্মেলনের সূচনা ঘোষণা করেন। তিনি বলেন, ‘বঙ্গোপসাগরের গুরুত্ব ক্রমেই বাড়ছে এবং এ অঞ্চলের সমস্যা ও সম্ভাবনা নিয়ে কার্যকর সমাধান খোঁজাই এ আয়োজনের অন্যতম লক্ষ্য।’
সিজিএস’র নির্বাহী পরিচালক পারভেজ করিম আব্বাসী জানান, ‘বে অব বেঙ্গল কনভারসেশন দক্ষিণ এশিয়ার বৃহত্তম বেসরকারিভাবে আয়োজিত আন্তর্জাতিক ভূরাজনৈতিক সম্মেলন।’ সম্মেলনের বিস্তারিত তথ্য ও সময়সূচি https://bobc.cgs-bd.com/-তে পাওয়া যাবে।
অনলাইন ডেক্স 

























