মাগুরায় ২০ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে ২৯ হাজার ১৩৮ টাকার বিল এসেছে গ্রাহক বাবু মোল্যার নামে। তিনি মাগুরা সদর উপজেলার গোপালগ্রাম ইউনিয়নের সংকোচখালি গ্রামের বাসিন্দা। এই ঘটনায় শহরে তোলপাড় শুরু হয়েছে।
বাবু মোল্যা জানান, তার বাড়ির বিদ্যুৎ বিল সাধারণত ২০০ থেকে ২৫০ টাকার মধ্যে আসত। কিন্তু এবার তার হাতে আসা বিলের কাগজে বিদ্যুৎ ব্যবহার মাত্র ২০ ইউনিট দেখানো হয়েছে, অথচ বিলের পরিমাণ ২৯ হাজার ১৩৮ টাকা নির্ধারণ করা হয়েছে। তিনি এ নিয়ে বিস্মিত ও চিন্তিত।
মাগুরা জেলা পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম ফজলুল আনোয়ার জানিয়েছেন, বিষয়টি দেখা হচ্ছে।
এদিকে, বাবু মোল্যা অভিযোগ করেন যে, অফিসে ঢোকার আগে পল্লী বিদ্যুৎ সমিতির লোকেরা তাকে বিল পেপারের বিষয়ে হয়রানি করেছেন।
এর আগে, মাগুরার শালিখা উপজেলার গ্রাহক আলেয়া খাতুনের নামে ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে ৫০৬ কোটি ৮৩ লাখ টাকার বিল আসে, যা নিয়ে দেশজুড়ে আলোচনা ও সমালোচনা সৃষ্টি হয়েছিল। সচেতন মহল কর্তৃপক্ষকে বিষয়টি খতিয়ে দেখার অনুরোধ জানিয়েছেন।
অনলাইন ডেক্স 
























