কিশোরগঞ্জের কটিয়াদীতে সাবেক সেনা কর্মকর্তা মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনের গ্রেপ্তারের প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামী বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভার আয়োজন করেছে।
শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সহশ্রাম-ধুলদিয়া ইউনিয়নের গচিহাটা বাজারে স্থানীয় জামায়াতের নেতাকর্মীরা এই কর্মসূচি পালন করেন। তারা আখতারুজ্জামান রঞ্জনের মুক্তির দাবি জানান।
বিক্ষোভ মিছিলটি গচিহাটা বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে বাজারে আয়োজিত প্রতিবাদ সভায় জামায়াতের নেতাকর্মীরা অংশ নেন। সভায় সভাপতিত্ব করেন সহশ্রাম-ধুলদিয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা আবু হানিফা।
বক্তারা আখতারুজ্জামান রঞ্জনের গ্রেপ্তারের প্রতিবাদ জানান এবং তার মুক্তির দাবি করেন। তারা বলেন, যদি তার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে, তবে তা আইনানুগ প্রক্রিয়ায় নিষ্পত্তি করা উচিত।
এর আগে শুক্রবার সন্ধ্যায় রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকার একটি বাসা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) আখতারুজ্জামান রঞ্জনকে গ্রেপ্তার করে। তার গ্রেপ্তারের খবর কটিয়াদীতে ছড়িয়ে পড়লে স্থানীয় জামায়াতের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ দেখা দেয়, যা এই বিক্ষোভের কারণ হয়ে দাঁড়ায়।
অনলাইন ডেক্স 
























