জি-৭ ভুক্ত দেশগুলো জরুরি মজুত থেকে ১০ কোটি ব্যারেল ডিজেল ও অপরিশোধিত তেল ছাড়ার ঘোষণা দিয়েছে। এই সিদ্ধান্ত ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধের প্রভাবে বৈশ্বিক জ্বালানি বাজারে চলা অস্থিরতা ও দাম বৃদ্ধির প্রেক্ষাপটে নেওয়া হয়েছে। আন্তর্জাতিক জ্বালানি সংস্থার সমন্বয়ে এই পদক্ষেপটি বাজার নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।
শুক্রবার (২ অক্টোবর) রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সরকারগুলো ফ্রান্সের প্রস্তাব নিয়ে আলোচনা করেছে। এই প্রস্তাবের আওতায় ইউরোপীয় দেশগুলো ৫ কোটি ব্যারেল ডিজেল এবং আইইএ সদস্য দেশগুলো ৫ কোটি ব্যারেল অপরিশোধিত তেল বাজারে ছাড়ার পরিকল্পনা করেছে।
ইউরোস্ট্যাটের হিসাব অনুযায়ী, ৫ কোটি ব্যারেল ডিজেল ছাড়া হলে তা ইইউর মোট জরুরি ডিজেল মজুতের প্রায় ১৭ শতাংশের সমান হবে। ঘোষণার পরপরই বিশ্ববাজারে ডিজেলের দাম কমতে শুরু করেছে। যুক্তরাষ্ট্রে ডিজেল ফিউচারসের দাম ৪ শতাংশের বেশি কমে প্রতি গ্যালন ৪.৪৪৯১ ডলারে নেমেছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই উদ্যোগকে সমর্থন জানিয়েছেন। তিনি ট্রুথ সোশ্যালে একটি পোস্টে লিখেছেন, ‘ইউরোপ এইমাত্র তাদের বিপুল মজুত থাকা ডিজেল তেলের বড় একটি অংশ ছাড়তে সম্মত হয়েছে।’
বিশ্লেষকদের মতে, উপসাগরীয় অঞ্চল থেকে সরবরাহ ব্যাহত হওয়ায় ইউরোপের দেশগুলো যুক্তরাষ্ট্র থেকে ডিজেল আমদানি বাড়িয়েছিল। এই যৌথ পদক্ষেপ বিশ্ববাজারের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে সাময়িকভাবে স্বস্তি নিয়ে আসবে।
অনলাইন ডেক্স 
























