যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নিউইয়র্ক টাইমসের এক কর্মকর্তাকে গুলি করে হত্যার ঘটনায় তার শ্বশুর ও শাশুড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত কর্মকর্তার নাম জোনাথন ম্যাককিনসি, বয়স ৪০ বছর।
পুলিশ জানিয়েছে, শনিবার বিকেলে সান ফ্রান্সিসকো থেকে প্রায় ৫৬ কিলোমিটার পূর্বে ডাবলিন শহরের একটি পার্কিং এলাকায় ম্যাককিনসিকে একাধিক গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। ঘটনাস্থলেই তাকে মৃত ঘোষণা করা হয়।
ম্যাককিনসির শ্বশুর শউইয়ং ঝাং ও শাশুড়ি শিলি চেন, যাদের বয়স ৭৭ বছর, তাদের বিরুদ্ধে প্রথম ডিগ্রির হত্যাসহ একাধিক অভিযোগ আনা হয়েছে। নিউইয়র্ক টাইমসও ম্যাককিনসির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। তিনি সংবাদমাধ্যমটির গেমস প্লেয়ার এক্সপেরিয়েন্স বিভাগের ইঞ্জিনিয়ারিং পরিচালক হিসেবে দায়িত্ব পালন করতেন।
স্থানীয় সময় শনিবার বিকেল ৩টার দিকে ডাবলিন স্পোর্টস গ্রাউন্ডের বাইরে তার মরদেহ পাওয়া যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, তারা পরপর বেশ কয়েকটি গুলির শব্দ শুনেছিলেন। পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের উদ্দেশ্য এখনো জানা যায়নি।
গ্রেপ্তার করা ওই দম্পতিকে সান্তা রিটা কারাগারে রাখা হয়েছে। তাদের বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্র, চরম অবহেলার সঙ্গে আগ্নেয়াস্ত্র ব্যবহার এবং শিশুর নিরাপত্তা বিপন্ন করার অভিযোগও আনা হয়েছে। বুধবার আদালতে তাদের আনুষ্ঠানিকভাবে অভিযোগের মুখোমুখি হওয়ার কথা রয়েছে।
অনলাইন ডেক্স 
























