ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আবাসিক হলগুলোতে অবৈধভাবে অবস্থানরত শিক্ষার্থীদের অপসারণ, মেধার ভিত্তিতে সিট বণ্টন ও শিক্ষার্থীবান্ধব আবাসিক পরিবেশ নিশ্চিত করার দাবিতে সংবাদ সম্মেলন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের বটতলা প্রাঙ্গনে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটির পক্ষ থেকে আট দফা দাবি তুলে ধরা হয়। শাখা সভাপতি ইউসুব আলী, সেক্রেটারি রাশেদুল ইসলাম রাফি, ছাত্রকল্যাণ সম্পাদক হাফেজ এমাদুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দাবিগুলোর মধ্যে রয়েছে—অবৈধভাবে অবস্থানরত শিক্ষার্থীদের অপসারণ, রাজনৈতিক পরিচয় বা প্রশাসনিক প্রভাবের ভিত্তিতে সিট বরাদ্দ বন্ধ করা, মেধা ও নীতিমালা অনুসরণ করে সিট বরাদ্দ নিশ্চিত করা, এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা গ্রহণ।
সংবাদ সম্মেলনে ইউসুব আলী বলেন, আবাসিক হলের সিট একজন শিক্ষার্থীর অধিকার এবং তা মেধা ও বৈধতার ভিত্তিতে বণ্টন করা উচিত। তিনি অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে সিট বণ্টন নিয়ে বৈষম্য ও অনিয়মের ঘটনা ঘটছে।
তিনি প্রশাসনের প্রতি আহ্বান জানান, শিক্ষার্থীদের অধিকার ও বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলার প্রশ্নে দ্রুত পদক্ষেপ গ্রহণ করতে হবে। ইউসুব আলী বলেন, প্রশাসন যদি যথাযথ পদক্ষেপ গ্রহণ করে, তারা তা স্বাগত জানাবে।
অনলাইন ডেক্স 
























