ফেনীর আলোচিত নুসরাত জাহান রাফি হত্যা মামলায় খালাস পাওয়ার পর কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন আসামি কামরুন নাহার মনি। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে মনি এবং কারাগারে জন্ম নেওয়া তার সাত বছর বয়সী শিশুকন্যা একসঙ্গে কারাগার থেকে বের হন।
২০১৯ সালে নুসরাত হত্যার সময় কামরুন নাহার মনি অন্তঃসত্ত্বা ছিলেন। বিচারিক প্রক্রিয়া চলাকালীন ও কারাভোগের সময় তার কন্যাসন্তানের জন্ম হয়। জন্মের পর থেকে শিশুটিকে কারাগারের ভেতরেই কাটাতে হয়েছে। মুক্তির মাধ্যমে শিশুটি তার জীবনে প্রথমবারের মতো মুক্ত আকাশের নিচে বাইরের পৃথিবী দেখার সুযোগ পেল।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নুসরাত হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৬ আসামির মধ্যে ১০ জনকে খালাস এবং চারজনের মৃত্যুদণ্ড কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন হাইকোর্ট। অপর দুই আসামি সিরাজ উদদৌলা ও শাহাদাত হোসেন শামীমের মৃত্যুদণ্ড বহাল রাখা হয়েছে।
হাইকোর্টের পূর্ণাঙ্গ রায়ে খালাস পাওয়া ১০ আসামির মধ্যে কামরুন নাহার মনির নাম রয়েছে। মৃত্যুদণ্ড কমিয়ে যাবজ্জীবন দেওয়া হয়েছে নূর উদ্দিন, জাবেদ হোসেন, সাইফুর রহমান ও উম্মে সুলতানা।
মামলার নথি অনুযায়ী, ২০১৯ সালের ২৭ মার্চ সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদরাসার তৎকালীন অধ্যক্ষ সিরাজ উদদৌলা নুসরাতের শ্লীলতাহানি করেন। পরে ৬ এপ্রিল নুসরাতকে মাদরাসার ছাদে ডেকে নিয়ে হত্যার অভিযোগ ওঠে। গুরুতর দগ্ধ অবস্থায় নুসরাতকে হাসপাতালে ভর্তি করা হলে ১০ এপ্রিল তার মৃত্যু হয়।
অনলাইন ডেক্স 






















