গাজীপুরের ইনকিলাব মঞ্চের সদস্য আব্দুল্লাহ সিফাতকে প্রধানমন্ত্রীকে কটূক্তি করার অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার গাজীপুর মেট্রোপলিটন আদালত-৫-এর বিচারক রাকিবুল হাসান সিফাতের জামিন আবেদন নামঞ্জুর করেন।
সিফাতের আইনজীবী অ্যাডভোকেট মো. রাশেদ অভিযোগ করেন, রাজনৈতিক উদ্দেশ্যে সিফাতকে হয়রানি করা হচ্ছে। অন্যদিকে, সরকার পক্ষের আইনজীবী অ্যাডভোকেট সিদ্দিকুর রহমান জানান, পুলিশ তদন্তে সিফাতের ঘটনার সঙ্গে সম্পৃক্ততা পেয়েছে।
সিফাতের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে, তিনি নিষিদ্ধ একটি সংগঠনের হয়ে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করছেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী দাবি করেন, সিফাত ৫ আগস্টের আগে থেকেই ওই সংগঠনের এজেন্ডা বাস্তবায়নে কাজ করছেন।
পুলিশ জানায়, সিফাত তার ফেসবুক অ্যাকাউন্টে একটি ভিডিও প্রকাশ করেন, যেখানে তিনি বিদ্যুৎ বিল নিয়ে অশালীন মন্তব্য করেন। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর গত ৩ সেপ্টেম্বর রাতে তাকে আটক করা হয়।
গাজীপুর পল্লী বিদ্যুতের তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, সিফাতের বিদ্যুৎ বিলের অভিযোগ ভিত্তিহীন। প্রতিষ্ঠানটি জানিয়েছে, সিফাতের বাড়িতে তিনটি বিদ্যুৎ মিটার রয়েছে এবং মে থেকে আগস্ট পর্যন্ত চার মাসের ব্যবহৃত বিদ্যুতের বিপরীতে বিল এসেছে ১৬ হাজার ২৭৩ টাকা।
সিফাতের বক্তব্যের প্রতিবাদে গাজীপুর ও টঙ্গীতে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বক্তারা অভিযোগ করেন, নাগরিক সমস্যা নিয়ে আইনি প্রক্রিয়ায় অভিযোগ জানানো উচিত, তবে অশালীন মন্তব্য গ্রহণযোগ্য নয়।
অনলাইন ডেক্স 

























