লালমনিরহাট-রংপুর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কৃষকরা। খুচরা ও ন্যায্যমূল্যে সার না পাওয়ার অভিযোগে তারা এ অবরোধ করেন। সড়কে গাছের গুঁড়ি ফেলে প্রায় ঘণ্টাব্যাপী যান চলাচল বন্ধ করে রাখেন কৃষকরা, ফলে উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়ে।
রোববার (৬ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের বাফার গোডাউন সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। যান চলাচল বন্ধ থাকায় অনেক পথযাত্রী বিকল্প বাইপাস সড়ক ব্যবহার করেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জেলা প্রশাসক, পুলিশ সুপার ও বিএনপির স্থানীয় নেতাকর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হন। পরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী কৃষকদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় সার সরবরাহ ও ন্যায্যমূল্যে সার পাওয়ার আশ্বাস দেন। মন্ত্রীর আশ্বাসের পর কৃষকরা অবরোধ তুলে নেন।
কৃষকদের অভিযোগ, বাফার গোডাউনে সার মজুদ থাকলেও প্রয়োজনের সময় তারা সার পাচ্ছেন না। খুচরা বাজারেও অতিরিক্ত দামে সার বিক্রি হচ্ছে বলে তারা জানান।
তারা দাবি করেন, দ্রুত খুচরা ও ন্যায্যমূল্যে সার সরবরাহ নিশ্চিত করতে হবে এবং অবৈধভাবে সার মজুদ ও কৃত্রিম সংকট তৈরির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।
অনলাইন ডেক্স 























