পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের মাঝপথে বাদ পড়া দুই ক্রিকেটার মোহাম্মদ রিজওয়ান ও ইমাম উল হকের মোবাইল ফোনের তথ্য সংগ্রহ করেছে। লর্ডসে দ্বিতীয় টেস্টে ১৯৪ রানে পরাজয়ের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়।
পাকিস্তান অবজার্ভারের প্রতিবেদনে বলা হয়েছে, এই তদন্তের পরিধি বাড়ানো হয়েছে। যদি দুই খেলোয়াড়ের বিরুদ্ধে অসদাচরণের প্রমাণ পাওয়া যায়, তাহলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে, যার মধ্যে বিশাল অঙ্কের জরিমানা বা নিষেধাজ্ঞা অন্তর্ভুক্ত থাকতে পারে।
তদন্তের অংশ হিসেবে ইমাম ও রিজওয়ানের কার্যকলাপ এবং ইংল্যান্ডে অবস্থানকালে বিভিন্ন ব্যক্তির সঙ্গে তাদের যোগাযোগ খতিয়ে দেখা হচ্ছে। সূত্রগুলো বলছে, ভবিষ্যতে পাকিস্তান দলের বাইরে থাকা নিয়ে উদ্বেগ রয়েছে।
লর্ডসে হারের পর দলের নিরাপত্তা কর্মকর্তারা দুই খেলোয়াড়ের মোবাইল ফোন নিয়ে নেন এবং ফোনের তথ্য অন্য জায়গায় ট্রান্সফার করা হয়। কয়েক ঘণ্টা পর ফোনগুলো ফিরিয়ে দেওয়া হয়, তবে কোন তথ্য সংগ্রহ করা হয়েছে তা প্রকাশ্যে জানানো হয়নি।
পিসিবির একজন মুখপাত্র ফোন নেওয়ার বিষয়টি নিশ্চিত করতে অস্বীকার করেছেন। ইমাম ও রিজওয়ানের বিরুদ্ধে সম্ভাব্য শাস্তিমূলক ব্যবস্থা সম্পর্কে বোর্ডের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি।
অনলাইন ডেক্স 

























