যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার তিন পর্বতারোহী কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ওপর অতিরিক্ত নির্ভর করে বিপদে পড়েছেন। গুগলের এআই চ্যাটবট জেমিনির পরামর্শ নিয়ে মাউন্ট শাস্তা জয় করতে গিয়ে তারা পথ হারিয়ে দুর্গম একটি গিরিখাতে রাত কাটাতে বাধ্য হন।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে জানানো হয়েছে, উদ্ধারকারী দলের সহায়তায় তিনজনকে পাহাড় থেকে নামানো হয়। তাদের মধ্যে একজন আহত হন। ক্যালিফোর্নিয়ার রোজভিলের বাসিন্দা এই তিন তরুণ অনভিজ্ঞ পর্বতারোহী ছিলেন।
গত ২৯ আগস্ট তারা মাউন্ট শাস্তার ক্লিয়ার ক্রিক ট্রেইলহেড থেকে যাত্রা শুরু করেন। আট ঘণ্টার মধ্যে অভিযান শেষ করার পরিকল্পনা ছিল তাদের। কিন্তু নির্ধারিত সময়ের তুলনায় অনেক বেশি সময় লাগে তাদের। পরদিন ভোর ৩টার দিকে তারা চূড়ার উদ্দেশে রওনা দেন, কিন্তু সন্ধ্যা ৭টার দিকে চূড়ায় পৌঁছান।
নিরাপত্তার কারণে দুপুর ১২টার মধ্যে ফিরে আসার পরামর্শ দেওয়া হয়েছিল। কিন্তু তারা জেমিনির পরামর্শ মেনে নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পরও চূড়ার দিকে এগিয়ে যান। চূড়া থেকে নামার প্রায় এক ঘণ্টা পর তারা মূল পথ থেকে সরে গিয়ে মাড ক্রিক ক্যানিয়নে ঢুকে পড়েন।
রাত ১২টার দিকে তারা গিরিখাতে রাত কাটানোর সিদ্ধান্ত নেন, কিন্তু তাদের কাছে পর্যাপ্ত খাবার ও পানি ছিল না। পরদিন সকালে ইউএস ফরেস্ট সার্ভিসের উদ্ধারকর্মীরা তাদের অবস্থান শনাক্ত করেন। হেলিকপ্টারে উদ্ধার সম্ভব না হওয়ায়, উদ্ধারকর্মীদের সঙ্গে হেঁটে নিচে নামতে হয় তাদের।
উদ্ধারের পর তিন তরুণ নিজেদের ভুল স্বীকার করেন এবং জানান, এআইয়ের ওপর অতিরিক্ত নির্ভর করা তাদের জন্য বড় ভুল ছিল। কর্তৃপক্ষের দাবি, এআইয়ের দেওয়া তথ্যের ওপর নির্ভর না করে স্থানীয় ও নির্ভরযোগ্য সূত্র থেকে তথ্য যাচাই করা জরুরি।
অনলাইন ডেক্স 























