জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি বলেছেন, বাংলাদেশের সামনে থাকা জনমিতিক লভ্যাংশ কাজে লাগাতে কর্মক্ষম জনগোষ্ঠীকে দক্ষ ও শিক্ষিত মানবসম্পদে পরিণত করতে হবে।
তিনি রোববার (৬ সেপ্টেম্বর) জাতীয় সংসদের শপথকক্ষে ‘পার্লামেন্টস রোল ইন রিয়্যালাইজিং পপুলেশন ডিভিডেন্টস, এসডিজিস অ্যান্ড আইসিপিডিস কমিটমেন্টস’ শীর্ষক কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্যে এ কথা বলেন। কর্মশালাটি জাতীয় সংসদ সচিবালয় ও ইউএনএফপিএ বাংলাদেশের যৌথ উদ্যোগে আয়োজন করা হয়।
চিফ হুইপ বলেন, দেশের বিপুল কর্মক্ষম জনগোষ্ঠীকে যথাযথ শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে আন্তর্জাতিক শ্রমবাজারে সম্পৃক্ত করা গেলে দেশের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হবে। তিনি উল্লেখ করেন, দক্ষ ও শিক্ষিত জনগোষ্ঠীই দেশের টেকসই অর্থনৈতিক উন্নয়নের প্রধান শক্তি।
তিনি আরও বলেন, আগামী এক দশক বাংলাদেশের জন্য জনমিতিক লভ্যাংশ কাজে লাগানোর গুরুত্বপূর্ণ সময়। এ সময়ে কর্মক্ষম মানুষের সংখ্যা ও সক্ষমতাকে অর্থনৈতিক শক্তিতে রূপান্তর করতে হবে।
নূরুল ইসলাম মনি বলেন, বিদেশে কর্মসংস্থানের ক্ষেত্রে দক্ষতা ও কর্মমুখী শিক্ষা নিশ্চিত করে কর্মীদের পাঠাতে হবে, যাতে তারা আন্তর্জাতিক শ্রমবাজারে অবদান রাখতে পারে। তিনি উন্নয়ন সহযোগীদের মানবসম্পদ উন্নয়নে কার্যকর সহায়তা প্রদানের আহ্বান জানান।
অনলাইন ডেক্স 
























